১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় মুখ্য বিচারিক হাকিম আদালতের ভবন নির্মাণের দাবি

জেলা জজ আদালত ভবনের কয়েকটা কক্ষ নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 02:03 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

চুয়াডাঙ্গায় মুখ্য বিচারিক হাকিম আদালতের জন্য ভবন নির্মাণের দাবি জানিয়েছেন আইনজীবীরা।

এ দাবিতে মঙ্গলবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন করেন তারা। 

মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম বলেন, পাশের জেলাগুলোতে আদালত ভবন নির্মাণ হলেও চুয়াডাঙ্গায় এখনো চিফ জুডিসিয়াল ভবন নির্মাণ হয়নি। সে কারণে বিচারপ্রার্থী, আইনজীবী ও মোহরারসহ সংশ্লিষ্টরা কষ্টের মধ্যে কোনোরকমে কার্যক্রম পরিচালনা করছেন।

সাধারণ সম্পাদক আহসান আলী বলেন, ১৯৮৪ সাল থেকে চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত ভবনে বিচার কাজ পরিচালিত হচ্ছে। ২০০৭ সালে বিচার বিভাগ থেকে পৃথক হওয়ার পর থেকে জেলা জজ আদালত ভবনের কয়েকটা কক্ষ নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

তিনি আরও বলেন, বেশ কয়েক বছর আগেই চুয়াডাঙ্গায় পুরাতন জেলখানার পরিত্যক্ত জমিটিকে মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবন নির্মাণের জন্য রাখা আছে। তাই সেখানে অবিলম্বে ভবন নির্মাণের দাবি করা হচ্ছে।

এ সময় আরও বক্তৃতা করেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সরোয়ার বাবু, সরকারি কৌশুলী (জিপি) আব্দুল খালেক, সিনিয়র আইনজীবী আব্দুস সামাদ ও ওয়াহেদুজ্জামান বুলা। 

মানববন্ধন শেষে জেলা আইনজীবী সমিতি থেকে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।  

স্মারকলিপি গ্রহণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) নয়ন কুমার রাজবংশী।