১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় ভবন ভাঙার সময় ছাদ ধসে ৩ শ্রমিক নিহত

বিএডিসি সেচ কার্যালয়ের পুরোনো ভবন ভাঙার সময় তারা দেয়ালের নিচে চাপা পড়েন বলে জানায় পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 06:48 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

নেত্রকোণা বিএডিসি সেচ কার্যালয়ের পুরোনো ভবন ভাঙার সময় ছাদ ধসে তিন শ্রমিকের প্রাণ গেছে; এতে আহত হয়েছে আরও দুইজন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের নাগরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ।

নিহতরা হলেন, সদর উপজেলার হলুদাটি গ্রামের শামছুদ্দিনের ছেলে হান্নান মিয়া (৩৮), আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া (৪০) ও নেত্রকোণা পৌর শহরের পলাশহাটি গ্রামের সাদেক মিয়ার ছেলে দীপু মিয়া (৩৯)।

আহতরা হচ্ছেন, হাসান মিয়া (৩৮) ও সাইফুল ইসলাম (৩৫)। তাদের বাড়িও নেত্রকোণায়। 

ওসি কাজী শাহনেওয়াজ বলেন, নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের পাশে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (সেচ) অফিসের একটি পুরাতন ভবন ভাঙ্গার কাজ চলছিল। বিকালে কাজ চলা অবস্থায় ভবনটির ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এ সময় পাঁচ শ্রমিক ছাদের ভাঙা অংশের নীচে চাপা পড়েন। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। তার মধ্যে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত বাকি দুইজনকে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, তিনজনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।