Published : 12 Mar 2026, 11:42 PM
ময়মনসিংহের ভালুকা উপজেলার জুতা তৈরির একটি কারখানায় ইফতারে মোরগ পোলাও খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।
অসুস্থদের মধ্যে ২১ জনকে ময়মনসিংহ মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মাস্টারবাড়ি এলাকার গ্লোবাল সুজ কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫-এর পুলিশ সুপার (এসপি) ফরহাদ হোসেন খান।
পুলিশ ও শ্রমিকরা জানান, সন্ধ্যায় ভালুকার খান হোটেল থেকে শ্রমিকদের জন্য লাল মোরগ পোলাও এবং সাদা মোরগ পোলাও আনা নেন। ইফতারে সাদা মোরগ পোলাও খাওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থরা কেউ কেউ বমি, পেট ব্যথা ও টয়লেটে যাওয়ার ঘটনা ঘটে। পরে অবস্থার অবনতি হলে অন্য শ্রমিকরা অসুস্থদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ২১ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কারখানার সুইং সেকশনে কর্মরত শ্রমিক ফাহাদ মিয়া বলেন, ইফতার করার পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে কয়েকজন শ্রমিক হঠাৎ বমি করতে শুরু করেন। এরপর একে একে অনেকে অসুস্থ হয়ে পড়েন।
সুইং সেকশনের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য ইফতারের ব্যবস্থা করে থাকে। এদিন ইফতারে মোরগ পোলাও দেওয়া হয়। খাওয়ার পর অন্তত ৫০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মেহেদী হাসান বলেন, “মোরগ পোলাও খাওয়ার পর অজানা বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কয়েকজন শ্রমিক হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়।”
শিল্প পুলিশের এএসআই সিরাজুল ইসলাম বলেন, ২১ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরও দুজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা যাবে।