০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে মাদক-জুয়ার আসামিদের আইনি সেবা দেবেন না আইনজীবীরা

সিদ্ধান্ত না মানলে সমিতির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং তাকেও ‘মাদকসেবী’ হিসেবে গণ্য করা হবে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 09:56 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

লালমনিরহাটে মাদক ও জুয়ার মামলায় গ্রেপ্তার আসামিদের এক মাস কোনো ধরনের আইনি সহায়তা ‘না’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সমিতির সভাপতি কে এম হুমায়ুন রেজা স্বপন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় লালমনিরহাটে মাদকের বিস্তার সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি সামাজিক আন্দোলন শুরু করেছেন।

ওই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে জেলা আইনজীবী সমিতির সদস্যরা মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

হুমায়ুন রেজা বলেন, “সমিতির সব সদস্যের সম্মতিতে আগামী এক মাস মাদক ও জুয়া আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পক্ষে কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আইনজীবী সমিতির সভাপতি বলেন, “এই সিদ্ধান্ত অমান্য করে কেউ ওই মামলার আসামিদের পক্ষে দাঁড়ালে সমিতির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাকেও ‘মাদকসেবী’ হিসেবে গণ্য করা হবে।”

বিএনপি বা আওয়ামী লীগপন্থি বলে আলাদা কিছু নেই জানিয়ে হুমায়ুন রেজা বলেন, সবাই একমত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন।

সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, “আইনজীবীরা আসামিদের পক্ষে না দাঁড়ালে তাদের জামিন পাওয়ার সুযোগ কমে যাবে। দীর্ঘদিন হাজতে থাকলে অপরাধীদের মধ্যে অপরাধবোধ তৈরি হতে পারে। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।”

আসামিদের আত্মপক্ষ সমর্থনের অধিকার ক্ষুণ্ন হবে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, “আসামিরা চাইলে আইনজীবী ছাড়াই নিজেরা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনি লড়াই করতে পারবেন। এ ক্ষেত্রে সমিতির পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়া হবে না।”