১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ফেরি ঘাটে ফেরানোর অভিযোগ

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদ বলেন, “সরকারি কাজেই আমার হাতিয়া যাওয়া জরুরি ছিল। তাই আমাকে ফেরিতে যেতে হয়েছে।”

হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ফেরি ঘাটে ফেরানোর অভিযোগ
চেয়ারম্যান ঘাটে ফিরিয়ে আনা ফেরিতে উঠছেন হাতিয়ার সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 01:14 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে নেওয়ার জন্য মাঝনদী থেকে ঘুরিয়ে আবার ঘাটে ফেরানোর অভিযোগ উঠেছে।

শনিবার বিকাল সাড়ে ৩টায় সময় মূল ভূখণ্ড ও হাতিয়ার দ্বীপ অংশের মধ্যে চলাচলকারী ফেরি মহানন্দায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম।

দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত আর নলচিরা ঘাট মেঘনা নদীতে দ্বীপ অংশের সঙ্গে যুক্ত। ফেরিতে নৌ পথটি পাড়ি দিতে সাধারণত দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে। 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিকালে যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে রওনা দেয় ফেরি মহানন্দা।

এর বেশ কিছুক্ষণ পরে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ গাড়িতে করে চেয়ারম্যান ঘাটে পৌঁছান। ততক্ষণে ফেরিটি ঘাট থেকে বেশ কিছু দূর মাঝনদীতে চলে গিয়েছিল। 

কিন্তু সংসদ সদস্যকে নেওয়ার জন্য ফেরিটি ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। তখন হান্নান মাসউদ ও তার সাথে থাকা দলীয় নেতাকর্মীরা ফেরিতে উঠেন এবং ফেরিটি দ্বিতীয়বারের মতো নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে। 

হাতিয়ার সংসদ সদস্য চেয়ারম্যান ঘাটে পৌঁছানোর সময় মাঝনদীতে থাকা ফেরি মহানন্দা।

হাতিয়ার সংসদ সদস্য চেয়ারম্যান ঘাটে পৌঁছানোর সময় মাঝনদীতে থাকা ফেরি মহানন্দা।

এভাবে মাঝনদী থেকে থেকে ফেরি ফিরিয়ে আনায় যাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। যাত্রীদের কেউ কেউ এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ঘাট ইজারাদারের প্রতিনিধি মো. জহির উদ্দিন বলেন, “ফেরি ছাড়ার সময় নিয়ে কিছুটা বিভ্রান্তি ছিল। তবে বেলা সাড়ে ৩টায় ফেরিটি ছেড়ে যাওয়ার প্রায় ২০ মিনিট পর এমপি সাহেবকে নেওয়ার জন্য আবার ঘাটে ফিরানো হয়।”

ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, “চেয়ারম্যানঘাট থেকে ফেরি ছেড়ে দেওয়ার পর এমপি সাহেব আমাদের ম্যানেজারকে ফোন করেন। ম্যানেজার ফোন করে এমপি সাহেবকে নিয়ে যেতে বললে ফেরি আবার ঘাটে ভিড়ানো হয়।”

এ বিষয়ে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, “আমি সংসদ সদস্য। সরকারি কাজেই আমার হাতিয়া যাওয়া জরুরি ছিল। তাই আমাকে ফেরিতে যেতে হয়েছে। 

“তাছাড়া ফেরি তো ঘাট থেকে খুব বেশি দূর যায়নি। ছাড়ার এক মিনিটের মধ্যে আমি ঘাটে পৌঁছেছি। কিন্তু এ নিয়ে কুচক্রী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে।”