১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে আহত জেলের মৃত্যু

গত ২২ মে সন্ধ্যায় নাফ নদীর মোহনায় অন্য জেলেদের সঙ্গে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা গুলি ছুড়লে হোসেন আলী আহত হন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 04:17 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে আহত এক বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

ছয় দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার নেওয়ার পর সোমবার মধ্যরাত দেড়টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন টেকনাফ থানার আওতাধীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শাহদাত হোসেন সিরাজী।

মারা যাওয়া মো. হোসেন আলী (৫০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত আব্দুল শুক্করের ছেলে।

মৃতের স্বজনদের বরাতে মঙ্গলবার রাত ১০টায় শাহদাত হোসেন সিরাজী বলেন, “মঙ্গলবার বিকালে চমেক হাসপাতালের মর্গে হোসেন আলীর মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রাতেই তাকে টেকনাফ নিয়ে আসার কথা রয়েছে।“

তবে রাতে ১০টা পর্যন্ত মৃতের লাশ নিজের বাড়ীতে পৌঁছায়নি বলে জানান জানান তিনি।

এর আগে গত ২২ মে সন্ধ্যা ৭টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের খারিঙ্গা ঘোনা এলাকায় নাফ নদীর মোহনায় অন্য জেলেদের সঙ্গে মাছ ধরছিলেন হোসেন আলী।

এক পর্যায়ে জেলেদের লক্ষ্য করে আরাকান আর্মির সদস্যরা গুলি ছোড়ে। হোসেন আলী ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পালংখার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যান। 

তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আরও পড়ুন:

মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলি খেয়ে হাসপাতালে