Published : 17 Aug 2024, 06:00 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন।
উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারিঙ্গা ঘোনা এলাকায় নাফনদীর মোহনায় বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শাহদাত হোসেন সিরাজী জানান।
আহত মো. হোসেন আলীকে (৫০) চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত জেলের স্বজনদের বরাতে শাহদাত বলেন, “বুধবার সন্ধ্যায় হোসেন আলী স্থানীয় অন্য জেলেদের সঙ্গে নাফ নদীতে মাছ ধরছিলেন। এক পর্যায়ে জেলেদের লক্ষ্য করে আরাকান আর্মির সদস্যরা গুলি ছোড়ে।
“এতে হোসেন আলী ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পালংখার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যান।”
তবে আলীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে চিকিৎসকদের পরামর্শে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানান শাহদাত।