Published : 08 Apr 2026, 11:58 PM
‘গণভোট ও অধ্যাদেশ’ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) আয়োজিত সেমিনারটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফলপ্রসূ আয়োজনের স্বার্থে জাকসু কর্তৃক আয়োজিত আগামীকালের সেমিনারটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।”
বৃহস্পতিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘গণভোট অস্বীকার ও অধ্যাদেশ বাতিলের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রে প্রবেশ এবং সংকটের পথে দেশ’ শীর্ষক ওই সেমিনারটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জাকসু জানিয়েছে, সেমিনারটির পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।
সেমিনার আয়োজনকে কেন্দ্র করে জাকসুর ভেতরে মতবিরোধ দেখা দেয়। সংগঠনটির সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু অভিযোগ করেন, সেমিনার আয়োজনের বিষয়ে জাকসুর কোনো আনুষ্ঠানিক সভা হয়নি এবং সদস্যদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা হয়নি।
তার ভাষায়, “গেস্ট নির্বাচন, বাজেট নির্ধারণ, সময়সূচি চূড়ান্তকরণ কিংবা আয়োজনের উদ্দেশ্য-কোনো বিষয়েই সম্মিলিত সিদ্ধান্তের প্রমাণ নেই।”
এদিকে, সেমিনারকে কেন্দ্র করে একদল শিক্ষার্থী উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
এতে তারা জাকসুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ এনে এ ধরনের আয়োজন বন্ধের দাবি জানান।
আরও পড়ুন:'গণভোট-অধ্যাদেশ' নিয়ে জাকসুর সেমিনারে ভিপির আপত্তি, স্মারকলিপি