১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ৭ চোরাই গরু উদ্ধার, আটক ৩

এ ছাড়া পিকআপ ভ্যান, অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ৭ চোরাই গরু উদ্ধার, আটক ৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে চোরাই গরুসহ আটক তিনজন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2025, 04:47 PM

Updated : 26 Aug 2026, 11:54 AM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে সাতটি চোরাই গরুসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া তাদের কাছ থেকে পিকআপ ভ্যান, অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার আব্বাস বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়ে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার রেজাউল করিম।

আটকরা হলেন- আড়গাড়াহাট গ্রামের মো. কানু (৪৫), মুসলিমপুর গ্রামের শরিফুল ইসলাম (২৫) এবং ধোবড়া এলাকার মো. রফিক (২৫)।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, “গোপন খবরে জানা যায়, আড়গাড়াহাট গ্রামের কানুর ডাকাতের বাড়িতে কয়েকজন চোরাই গরু বিক্রয়ের জন্য অবস্থান করছেন। পরে দ্রুত পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

উদ্ধার করা সাতটি চোরাই গরু।

উদ্ধার করা সাতটি চোরাই গরু।

“পুলিশের উপস্থিতিতে টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও কানু, শরিফুল ও রফিককে আটক করা হয়। এ সময় ছোট-বড় সাতটি গরু, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।” 

আটকদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, বিশেষ ক্ষমতায়ন ও মাদকদ্রব্যসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি জেলায় মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার। 

তিনি বলেন, পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।