টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা তরুণীর লাশ মিলল খালে
“এক সপ্তাহ আগে সাজেদা আক্তার ক্যাম্পের ঘর থেকে বের হয়ে আর ফেরেনি।”
নিখোঁজের এক সপ্তাহ পর কক্সবাজারের টেকনাফের খাল থেকে এক রোহিঙ্গা তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার লামার পাড়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে টেকনাফ থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানান।
মৃত ২০ বছর বয়সী সাজেদা আক্তার উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিম উল্লাহর মেয়ে।
তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি নাজমুন নূর বলেন, “লামার পাড়া খালে এক তরুণীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশের একটি দল গিয়ে খাল থেকে লাশটি উদ্ধার করে।
“মৃত তরুণীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।”
স্বজনদের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, “গত এক সপ্তাহ আগে সাজেদা আক্তার ক্যাম্পের ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। তখন থেকে তার খোঁজ মিলছিল না।”
