১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে মেলার মাধ্যমে ৩০০ জন পেলেন চাকরি

জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে চাকরির মেলায় ১২টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2023, 06:14 PM

Updated : 27 Dec 2023, 06:14 PM

নরসিংদীর শিবপুর উপজেলায় দিনব্যাপী মেলায় ৩০০ জন প্রার্থী বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি পেয়েছেন।

বুধবার উপজেলার শাষপুর এলাকায় জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে চাকরির মেলায় ১২টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়।

এ মেলা সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৩টা পর্যন্ত।

মেলায় মৌখিক পরীক্ষার মাধ্যমে ৭০০ জনের মধ্যে থেকে ৩০০ প্রার্থীকে বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি দেওয়া হয়।

মেলার মাধ্যমে কর্মসংস্থান হওয়ায় খুশি চাকরি প্রত্যাশীরা।

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত বলেন, “নরসিংদীর বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে আমরা প্রতি বছরই জব ফেয়ারের আয়োজন করি। এ ধারাবাহিকতায় আজও আমরা এই আয়োজন করেছি।

“বেকারদের যেন কর্মসংস্থানের সুযোগ হয় এবং কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ হয় এজন্য আমাদের এই আয়োজন। আমরা চাকরি প্রত্যাশীদের এক মিলন মেলা তৈরি করেছি, যার মাধ্যমে নরসিংদীর বেকার যুব সমাজের কর্মসংস্থানের সৃষ্টি হবে।”

তিনি আরও বলেন, “প্রতিবছর আমাদের এই মেলা আয়োজন করার পরিকল্পনা রয়েছে। ২০২২ সালেও আমরা চাকরি মেলা করেছিলাম এবং ওই চাকরির মেলায় প্রায় ৪০০ চাকরি প্রত্যাশীদের চাকরির ব্যবস্থা করতে পেরেছিলাম।”

চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. সজিবসহ চেস্বার অব কমার্সের সদস্যরা উপস্থিত ছিলেন।