Published : 08 Oct 2025, 09:02 PM
পশ্চিমাঞ্চল রেলওয়ের কেনাকাটায় প্রায় চার কোটি টাকার অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক।
২০২১-২২ অর্থবছরে পাথরসহ বিভিন্ন রেলওয়ে সরঞ্জাম কেনার ক্ষেত্রে অস্বাভাবিক মূল্য দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।
বুধবার দুপুরে দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমীর হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপকের কার্যালয়ে অভিযান চালায়। এ সময় তারা ক্রয় সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করেন।
দলের প্রধান আমীর হোসেন বলেন, “অডিট রিপোর্টে দেখা গেছে, ২০২১-২২ অর্থবছরে রেল ট্র্যাকের পাথর, ট্রেন মেরামতের যন্ত্রপাতি, পরিষ্কার-পরিচ্ছন্নতার উপকরণ, প্রিন্টার, ওয়াকিটকি ব্যাটারি, টেলিভিশন, পোশাক, ফ্লোর ম্যাট ও কাগজসহ একাধিক ক্রয় আইটেমের খরচ অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেখানো হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই আমরা অভিযান পরিচালনা করেছি।”
তিনি জানান, ২০২১ সালের অডিট আপত্তিগুলো রেলওয়ে কর্তৃপক্ষ এখনও নিষ্পত্তি করেনি। এজন্য তদন্ত শুরু হয়েছে।
“আমরা সংশ্লিষ্ট সব নথি সংগ্রহ করেছি এবং এখন তা যাচাই-বাছাই চলছে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠাব।”
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফারিদ আহমেদ বলেন, “আমি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছি। কয়েক বছর আগে ঘটে যাওয়া অনিয়ম সম্পর্কে অবগত নই। দুদক আমাদের কাছে ২০২১-২২ অর্থবছরের ক্রয় সংক্রান্ত নথি চেয়েছে, আমরা তা সরবরাহ করেছি। এখন তারা নিজেদের প্রক্রিয়ায় নথিগুলো যাচাই করছেন।”