Published : 28 Jan 2026, 02:14 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে বিজিবি।
বুধবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট বিওপির কাছে মুনিয়ারচর ফলিমারি এলাকায় অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল।
অভিযানে পলিথিনে মোড়ানো অবস্থায় মালিকবিহীন একটি ইউএসএ তৈরি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ লালমনিরহাট সদর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।”
তিনি আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট ব্যাটালিয়নের আওতাধীন তিনটি সংসদীয় আসনের পাঁচটি উপজেলায় মোট ১৯ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।”
সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে বলেও জানান তিনি।