Published : 13 Mar 2026, 01:08 PM
১৭ বছর দেশে নির্বাচিত সরকার ছিল না, এই সময়ের আবর্জনা-জঞ্জাল বিএনপি সরকারকে পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেছেন, “যেহেতু আমরা নির্বাচিত সরকার, ১৭ বছরের আবর্জনা বর্জ্য আমাদেরকে পরিস্কার করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে সকল কাজ সকল ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করে করা হবে।”
শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল, ওয়াপদা খাল, জকসিন খাল ও মান্দারী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এই সংসদ সদস্য এ্যানি বলেন, “দেশপ্রেমিক সরকার হিসেবে জনগণের স্বার্থে, জনগণের পাশে থেকে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যে কাজগুলো আমরা হাতে নিয়েছি, সেগুলো চালু হলে, সেই সুবিধা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেব।”
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক এ্যানি বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। সে সময় আমরা সেচ সুবিধা পেয়েছি। উৎপাদন দ্বিগুণ হয়েছে। মাছের চাষ বৃদ্ধি পেয়েছে। এতে আমরা স্বনির্ভর এলাকা গড়তে সক্ষম হয়েছি।

প্রেসিডেন্ট জিয়ার খাল খনন কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে উল্লেখ করে তিনি আরও বলেন, সারাদেশেই খাল খনন কর্মসূচি শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুরের কাহারুল উপজেলায় সাহাপাড়া খাল খননের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করবেন।
এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন জানিয়ে তিনি বলেন, “লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী, ওয়াপদা জকসিন ও মান্দারী খাল পরিদর্শন করেছি। খালে যে পরিমাণ ময়লা বর্জ্য পড়ে আছে বা দখল হয়ে আছে, এগুলো যদি সরিয়ে না নেই, তাহলে খাল খননের সুবিধা আমরা পাবো না। সেজন্য একদিকে খাল খনন অব্যাহত থাকবে, পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন।
“যারা অবৈধ দখলদার এবং বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা ফেলেন, তাদের বিরুদ্ধে সজাগ হতে হবে। সবার আন্তরিকতা এবং সহযোগিতার মাধ্যমে যে কর্মসূচি হাতে নিয়েছে, এটি সফল হবে বলে আমরা মনে করছি।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।