Published : 06 Apr 2026, 09:39 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু আয়োজিত এক সেমিনার ঘিরে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ ও জামায়াত নেতা শিশির মনিরকে ‘লাল কার্ড’ দেখিয়েছে একদল শিক্ষার্থী।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বুদ্ধিজীবী চত্বরের পাশে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ছাত্রদলের নেতাকর্মীরাও।
একই স্থানে রাকসু আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই দুই আইনজীবী।
এ সময় লাল কার্ডের পাশাপাশি শিক্ষার্থীরা ‘আবরারর রক্ত বৃথা যেতে দেব না, আবরারের রক্তের সাথে আপোষ নাই’, ‘আবরারের আত্মত্যাগ, জুলাইয়ের প্রেরণা’, ‘খুনিদের আইনজীবী, চাই না! চাই না!’, ‘খুনিদের পক্ষ নেওয়া লজ্জার, খুনিদের রক্ষাকারীদের ধিক্কার’ সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
পরে ফুয়াদ ও শিশির মনির সেমিনারস্থলে গেলে পাশে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দিতে সেখান থেকে সরে যান।
কর্মসূচিতে অংশ নেওয়া রসায়ন বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, “ফুটবল খেলায় যেমন নিয়ম ভঙ্গ করলে লাল কার্ড দেখানোর বিধান রয়েছে, তেমনি অন্যায় ও বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধেও প্রতীকীভাবে লাল কার্ড দেখানো হচ্ছে।
“বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় শিশির মনির খুনিদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। অন্যদিকে ফুয়াদ ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে স্বীকার করেন না এবং মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে আসছেন।”
আলোচিত এই দুই আইনজীবীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানানোয় রাকসু নেতাদের সমালোচনা করে জাহিদ বলেন, “রাকসুর উচিত ছিল নিরপেক্ষ থাকা এবং শিক্ষার্থীদের জন্য গ্রহণযোগ্য কর্মসূচি আয়োজন করা।

“কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে তারা নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি। ফলে তাদেরকে এবং একইসঙ্গে রাকসুকেও প্রতীকীভাবে ‘লাল কার্ড’ দেখানো হয়েছে।”
রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজয়-২৪ হল ছাত্রদলের সভাপতি গাজী হাসান ফেরদৌস বলেন, বিজয় দিবস বিরোধী ও অবমাননাকারী ব্যারিস্টার ফুয়াদ এবং শহীদ আবরার ফাহাদের খুনীদের পক্ষের আইনজীবী শিশির মনিরকে শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শন করেছেন। ছাত্রদল তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।
রাকসুর সেমিনারে যা বললেন ফুয়াদ
ইতিহাস থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে বিএনপিকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।
তিনি বলেছেন, “১৭ বছরে জেল জুলুম আর গুম-খুনের ইতিহাস এত তাড়াতাড়ি ভুলে গেলেন যে আপনারা ‘গোল্ডফিসকেও’ হার মানিয়েছেন। আপনাদের মাঝে আমরা বেগম জিয়াকে খুঁজে পাচ্ছি না।
“সংসদে আপনাদের সংবিধান বিশেষজ্ঞদের মাঝে জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছি না। এই বিএনপি তো বাংলাদেশপন্থি না। যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করবে আমরা সেই বিএনপিকে খুঁজে পেতে চাই।”
শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শনের বিষয়ে তিনি বলেন, “আমার তরুণ বন্ধুদের বলতে চাই, লাল কার্ড কাকে দেখাতে হবে সেই বুদ্ধিও আপনাদের হয় নাই।
“সংবিধানের নামে আপনার দল যারা বিক্রি করে দিচ্ছে, আপনি তাদের লাল কার্ড দেখান। বুদ্ধি থেকে থাকলে সংসদের সামনে গিয়ে লাল কার্ড দেখান। আর বুদ্ধি প্রতিবন্ধী হলে প্রয়োজনে রাকসুর ফান্ডে আপনাদের পাবনায় চিকিৎসার ব্যবস্থা করা হবে।”
সরকার দলীয় নেতাদের সমালোচনা করে শিশির মনির বলেন, “বিএনপি এমন একদল লোকের কাছে পড়েছে, যারা আসলে স্ট্রোকের রোগীদের মতো আচরণ করছেন। তাদের আচরণ দেখলে মনে হয় তারা পৃথিবীর গণঅভ্যুত্থানের ইতিহাস জানেন না।
“অভ্যুত্থানের পরে সংবিধান ও রাষ্ট্র কীভাবে সাজাতে হয় তারা জানেন না। সংস্কার কীভাবে করতে হয় সেটিও তাদের জানা নাই। যা আছে গায়ের জোরে, শরীরের গরমে রক্তচক্ষু দেখানো।”