নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, ‘দিনে মিলবে ৭ মিলিয়ন ঘনফুট’
বাপেক্স জানায়, প্রাথমিকভাবে কূপটি ১ হাজার ৫৫০ মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু হয়েছে।
‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের’ অধীনে নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন এই গ্যাস কূপ খনন শুরু হয়েছে।
বুধবার সকাল থেকে পুরোদমে খনন কাজ চলছে বলে জানিয়েছেন প্রকল্পের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড-বাপেক্স কূপটির খনন কাজের সূচনা করে।
বাপেক্স জানায়, প্রাথমিকভাবে কূপটি ১ হাজার ৫৫০ মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টানা ৪৫ দিন খনন এবং ১৫ দিন ডিএসটি টেস্ট শেষে মজুদ গ্যাসের পরিমাণ জানা যাবে।
প্রকল্পের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান বলেন, কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
