২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নওগাঁয় নির্বাচনি প্রচার শুরু করেছেন প্রার্থীরা

নওগাঁর জেলার ছয়টি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, স্বতন্ত্র ও বিভিন্ন দলের ৩২ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 04:02 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রচারের প্রথম দিন থেকেই  নওগাঁয় ভোট চাইতে শুরু করেছেন প্রার্থীরা। 

নওগাঁর জেলার ছয়টি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, স্বতন্ত্র ও বিভিন্ন দলের ৩২ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নওগাঁ-৫ (সদর) আসনে প্রার্থী হয়েছেন ৫ জন। 

তাদের মধ্যে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু বৃহস্পতিবার জেলা নওগাঁ শহরে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল করেন। 

পরে বেলা সাড়ে ১১টায় কেডির মোড় থেকে প্রচার-গণসংযোগ শুরু করেন তিনি। 

এ সময় বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু বলেন- নওগাঁ বিএনপির ঘাটি। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু  ও সুন্দর আছে।আমি আশাবাদী ভোটারার তাদের পছন্দের প্রার্থী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবে।

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রিপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, থানার সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা এবং পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমানসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই আসনে সকাল ১০টায় সদরের শৈলগাছী ইউপির চকরামপুর থেকে নির্বাচনি প্রচার শুরু করেন জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী আ স ম সায়েম।

এ সময় ভোটারদের উন্নয়ন ও নানা পরির্বতনের প্রতিশ্রুতি দিয়ে দাড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন তিনি। 

পাশাপাশি নির্বাচনে তার জয়ের ব্যাপারেও আশাবাদী বলে জানান তিনি।