২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ‘৭২ লাখ চিংড়ি রেনু’ জব্দের পর ডাকাতিয়ায় অবমুক্ত

দুটি ট্রলারে থাকা ১৪৫টি ড্রাম থেকে চিংড়ির রেনু জব্দ করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2025, 01:25 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

চাঁদপুরের হাইমচর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৭২ লাখ চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। জব্দ রেনু পরে মেঘনা নদীর মোহনা এলাকায় ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।

রোববার চাঁদপুর সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, গোপন সংবাদে শনিবার রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশন মেঘনা নদীর হাইমচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালায়।

এ সময় ওই এলাকায় ট্রলারে করে চিংড়ি রেনু পাচারের সময় ধাওয়া দিয়ে দুটি ট্রলার আটক করা হয়। পরে ট্রলার থেকে ১৪৫টি ড্রামে থাকা প্রায় ৭২ লাখ চিংড়ির রেনু জব্দ করা হয়। 

রোববার ভোর ৫টার দিকে মেঘনা নদীর মোহনা এলাকায় ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।  

চিংড়ি রেনুসহ দেশীয় প্রজাতির সকল রেনু পোনা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।