Published : 12 Feb 2026, 11:24 AM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনে সংসদীয় ভোট ও গণভোট শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ৯৩৫টি ভোট কেন্দ্রসহ পাঁচটি পোস্টাল কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়; চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন বলেন, “সকাল থেকে শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশেই জেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”
সকালে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যা বাড়তে শুরু করে। 
গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই জেলায় মোট ভোটার ২৭ লাখ ৩৮ হাজার ২৪৯ জন। তাদের মধ্যে ১৩ লাখ ৬৪ হাজার ৩৪৮ জন পুরুষ ও ১৩ লাখ ৭৩ হাজার ৮৬৭ জন নারী ভোটার রয়েছেন। এছাড়া হিজড়া ভোটার ৩৪ জন।
জেলায় পোস্টাল ভোটকেন্দ্রসহ মোট ভোটকেন্দ্র ৯৪০টি। এর মধ্যে পুরুষ ভোটকেন্দ্র ২ হাজার ৩৫৩টি এবং নারী ভোটকেন্দ্র ২ হাজার ৮২০টি। মোট বুথ ৫ হাজার ৫৪৬ টি। তার মধ্যে স্থায়ী বুথ ৫ হাজার ১৭৩ ও অস্থায়ী ৩৭৩টি।

গাজীপুরের ৯৩৫টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ১৮ হাজার সদস্য মোতায়েন রয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, “প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। র্যাব ও পুলিশের মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেট ছাড়াও নির্বাচনের কাজে সংশ্লিষ্ট কর্মকর্তারা সুষ্ঠুভাবে নির্বাচন দায়িত্ব পালন করছেন।”