Published : 07 Jun 2026, 06:35 PM
বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.) মাজারের দিঘির কুমির ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।
রোববার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন খানজাহান আলী মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম।
লিখিত বক্তব্যে বলা হয়, “মাজার দিঘিতে থাকা একমাত্র কুমিরটিকে সরিয়ে নেওয়ায় বাগেরহাটবাসী হতাশ ও মর্মাহত হয়েছে। মাজারের কুমির শত শত বছরের ইতিহাস, ঐতিহ্যে ও সংস্কৃতির অবিচ্ছদ্যে অংশ। দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থী ও ধর্মপ্রাণ মানুষ এখানে আসে নিদর্শন ও কুমির দেখার জন্য। কুমির শুধু একটি প্রাণি নয়, এটি বাগেরহাটের ঐতিহ্যের প্রতীক ও আবেগের অংশ ইতিহাসের জীবন্ত স্মারক।”
এতে বলা হয়, সম্প্রতি কুমিরের আক্রমণে শিশু মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনার পরে হঠাৎ করে দীর্ঘদিনের ঐহিত্য দীঘি থেকে কুমির সরিয়ে নেওয়া গ্রহণযোগ্য হতে পারে না। প্রশাসন চাইলে মাজারে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে পারত। দর্শনার্থীদের জন্য দীঘিতে সুরক্ষা বেষ্টনী, সতর্কীকরণ বিজ্ঞপ্তি, পর্যাপ্ত পাহারা ব্যবস্থা করা সম্ভব ছিল।
১ জুন রাতে এ কুমিরের আক্রমণে প্রাণ হারায় আট বছর বয়সী ফাতেমা। শিশুটি দিঘির মহিলা ঘাটে গোসল বা হাতমুখ ধুতে নেমেছিল, তখন কুমিরটি তার উপর আক্রমণ করে টেনে নিয়ে যায়। পরদিন ভোরে শিশুটির মরদেহ পানিতে ভেসে উঠলে উদ্ধার করা হয়।
এরপর প্রশাসনের টনক নড়ে। প্রশাসন মাজারে আসা দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে জরুরি সভা করে দিঘি থেকে কুমিরটিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, ৩ জুন দিঘিতে থাকা একমাত্র নারী কুমিরটিকে বনবিভাগ ধরে খুলনার কয়রার বন্যপ্রাণি উদ্ধার ও পূনর্বাসন কেন্দ্রে সরিয়ে নেয়।
আরও পড়ুন:
খানজাহান আলীর মাজারের পুকুরে শিশুকে টেনে নিয়ে গেল কুমির
খানজাহান আলীর মাজার: কুমিরে টেনে নেওয়া শিশুর লাশ উদ্ধার
সরানো হলো খানজাহান আলী মাজার দিঘির কুমির, রাখা হবে খুলনায়
খানজাহান আলী মাজার দিঘির কুমিরটি সরিয়ে নেওয়ায় ক্ষোভ, ফেরতের দাবি