Published : 08 Jun 2026, 02:59 PM
বরগুনা সদর উপজেলায় নিখোঁজ এক ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গৌরীচন্না ইউনিয়নের বড় গৌরীচন্না খাল থেকে সোমবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে বরগুনা সদর থানার ওসি আব্দুল আলিম জানান।
নিহত শামীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
নিহতের বাবা মনসুর আলী বেপারী বলেন, রোববার রাত ১১টার পর থেকে তার ছেলে নিখোঁজ ছিল। ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সকালে বাড়ির সামনে খালের পাড়ে রক্তের দাগ দেখে সন্দেহ হলে তারা খালে তল্লাশি চালান।
তিনি বলেন, “একপর্যায়ে পানির ভেতর থেকে শামীমের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। এরপর স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হলে মরদেহটি উদ্ধার করা হয়।”
নিহত শামীমের মেয়ে শান্তা বলেন, রোববার সন্ধ্যায় বাসার কাজ শেষ করে তার বাবা বাজারে গিয়েছিলেন। এরপর আর তিনি বাড়িতে ফেরেননি। রাত গভীর হলে পরিবারের সদস্যরা খোঁজ নিতে শুরু করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন, “আমরা ভাবছি হয়তো কোথাও গেছে আসবে। কিন্তু বাবা বাসায় না ফেরায় আমরা সকালে আবার খোঁজাখুঁজি করতে গিয়ে গৌরিচন্না খালের পাড়ে রক্তের দাগ পাই।”
“আমরা আরেকটু খালের কাছে এগোতেই একটা জুতা পড়ে থাকতে দেখি। আরও সামনে গেলেই আমারা আরও একটি জুতা পড়ে থাকতে দেখি। পানির কাছাকাছি যেতেই কচুরিপানার মধ্যে আমার বাবার মাথাবিহীন মৃতদেহ দেখতে পাই।”
নিহতের মেঝ ভাই সোহেল বলেন, “কে বা কারা এ হত্যাণ্ড ঘটিয়েছে; আমরা জানিনা। তবে আমরা অপরাধীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
নিহতের ছোট ভাই সাগর বেপারী বলেন, “রোববার সন্ধ্যায় আমার ভাই একটা লটারি খেলায় ত্রিশ হাজার টাকা পেয়েছে এবং আমার ভাইয়ের কাছে সবসময় লাখ লাখ টাকা থাকে। আমরা মনে করি, এই টাকাই আমার ভাইয়ের জীবন শেষ করে দিয়েছে।”
ওসি আব্দুল আলিম বলেন, “এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার রহস্য উদঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যেই কাজ শুরু করেছে।”