দোল পূর্ণিমা: ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
“নিয়মিত প্রক্রিয়ায় পাসপোর্টধারীরা সীমান্ত অতিক্রম করছেন।”
দোল পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার সাতক্ষীরার ভোমরা-ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক আছে।
এ বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার সকালে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, “ভারতে সরকারি ছুটির কারণে কোনো পণ্যবাহী ট্রাক দুই দেশের মধ্যে চলাচল করছে না।”
আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে জানিয়ে ভোমরা ইমিগ্রেশন পুলিশের ওসি রাশেদুজ্জামান বলেন, “নিয়মিত প্রক্রিয়ায় পাসপোর্টধারীরা সীমান্ত অতিক্রম করছেন।”
বন্দরের কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান বলেন, ভারতে দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় মঙ্গলবার ভোমরা বন্দর দিয়ে দুদেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে বন্দর ও কাস্টমস হাউসের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বুধবার সকাল থেকে ভোমরা-ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম আবার শুরু হবে বলে ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানিয়েছেন।
প্রতিবছর দোল পূর্ণিমা উপলক্ষে ভারতের বিভিন্ন স্থানে সরকারি ছুটি থাকায় এ সীমান্তপথে একদিনের জন্য বাণিজ্য কার্যক্রম স্থগিত রাখা হয়।
