Published : 02 Sep 2026, 08:43 PM
ময়মনসিংহ সদর উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে; এতে আহত হয়েছেন আরও ছয়জন।
বুধবার বিকাল পৌনে ৬টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কে উপজেলার আলালপুর এলাকার খালেক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কারাকান্দা গ্রামের আব্দুর রাজ্জাক (৪৫) এবং ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০)।
নিহত অপর ব্যক্তির (৫০) নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ময়মনসিংহের দিকে আসা ‘ইমাম পরিবহনের’ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘শ্যামলী বাংলা পরিবহনের’ বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক মারা যান এবং বেশ কয়েকজন আহত হন।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তোফাজ্জল হোসেনসহ আরও একজনকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই সুজাউদ্দিন বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার এসআই জালাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে নিহত ব্যক্তির স্বজনরা এসে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন জানিয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।