Published : 30 Aug 2026, 12:14 PM
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ঐতিহাসিক বড় সরদারবাড়িতে ‘কোক স্টুডিও বাংলা’ এর শুটিংয়ের সময় স্থাপনাটির ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি এ অভিযোগ করেছে। শুটিংয়ের অনুমোদন, ফাউন্ডেশনের অর্থপ্রাপ্তি এবং শুটিংয়ের আগে ও পরের অবস্থার নথি প্রকাশেরও দাবি করেছে সংগঠনটি।
শনিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবিগুলো তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস।
কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের গানের শুটিং করা হয় সোনারগাঁয়ের বড় সরদারবাড়িতে।
শাহেদ কায়েসের অভিযোগ, সম্প্রতি চার দিন ধরে বড় সরদারবাড়িতে ‘কোক স্টুডিও বাংলা সিজন ৪’ এর ভিডিও ধারণ ও কোকা-কোলার বিজ্ঞাপনের শুটিং হয়েছে। এ সময় জেনারেটর, ভারী ক্যামেরা, আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়। এতে শুটিংয়ের পর বড় সরদারবাড়ির দেয়াল, অলংকরণ ও নকশার বিভিন্ন জায়গায় ক্ষতি হয়েছে।
দ্বিতীয় আঙিনার কাছেও একটি অংশ ভেঙে গেছে বলে অভিযোগ করে শাহেদ কায়েস বলেন, “বড় সরদারবাড়ি একটি প্রত্নসম্পদ। শত বছরের পুরোনো এ স্থাপনার চুন-সুরকি, ইট, কাঠ, প্লাস্টার, মেঝে ও অলংকরণ খুবই সংবেদনশীল।”
শুটিংয়ের আগে কোনো ‘হেরিটেজ ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’ করা হয়েছিল কি না এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়েছিল কি না, সেসব তথ্য প্রকাশের দাবি জানিয়েছে সংগঠনটি।
অভিযোগের বিষয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম বলেন, “বাণিজ্যিক শ্যুটিং এর নীতিমালা মেনে কোক স্টুডিও বাংলাকে ভাড়া দেওয়া হয়েছিল। বড় সরদারবাড়ির কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।
বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হওয়ায় পরবর্তীতে এ ধরনের বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়ার ক্ষেত্রে মন্ত্রণালয়ের ছাড়পত্র নেওয়ার কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগও করা হয়। কারুপল্লীর দোকান বরাদ্দ, সুবর্ণজয়ন্তী ও বাংলা নববর্ষ উদযাপন এবং স্মারকগ্রন্থ প্রকাশনায় অনিয়মের অভিযোগও তোলা হয়।
এছাড়া বড় সরদারবাড়ি মেরামতের নামে ভুয়া বিল তৈরি, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া অর্থ ব্যয় এবং বিভিন্ন স্থাপনা নির্মাণেও অনিয়মের অভিযোগ করা হয়।
এসব অভিযোগ তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানায় সংগঠনটি। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সরকারি অর্থের ক্ষতি হয়ে থাকলে তা ফেরত নেওয়ারও দাবি জানানো হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ঐতিহাসিক বড় সরদারবাড়িতে ‘কোক স্টুডিও বাংলা’ এর শুটিংয়ের সময় স্থাপনাটির দেয়াল, অলংকরণ ও নকশার বিভিন্ন জায়গায় ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এরমধ্যে দেয়ালের এ অংশও ভেঙেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েল এবং সোনারগাঁও সাহিত্য নিকেতনের শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের অন্যান্য অনিয়ম-দুর্নীতির বিষয়গুলোর বিষয়ে ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম বলেন, “কারুশিল্প ফাউন্ডেশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। এখানের বাজেট থেকে দরকারি কাজেই খরচ করা হয়। খরচের হিসাব-নিকেশ রয়েছে।”
স্থাপনা ক্ষতিগ্রস্তের অভিযোগের বিষয়ে জানতে কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের গানটির মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।
কোক স্টুডিও বাংলার জনসংযোগ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, অর্ণব এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছেন।
সংগীত শিল্পী অর্ণব এখন কানাডায় আছেন। শুক্রবার সন্ধ্যায় সেখান গানের অনুষ্ঠানে অংশ নেন তিনি।