Published : 14 Aug 2025, 10:56 AM
ময়মনসিংহের ভালুকায় অস্ত্র ও মাদকসহ এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে; যিনি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত তোফাজ্জল হোসেন হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়ার গ্রামের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রাজা বাহাদুর (২৮) ওই গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে।
পুলিশ বলছে, রাজা স্বেচ্ছাসেবক লীগ কবিরবাড়ি ইউনিয়নের নেতা। কিন্তু তার পদ-পদবি নিশ্চিত করতে পারেনি।
ওসি বলেন, “হুমায়ুন কবিরের বাসায় অভিযানের সময় তল্লাশি চালিয়ে ১১৩ বোতল বিদেশী মদ, চারটি দেশীয় অস্ত্র (রামদা) ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
“পরে তাকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”
বাহাদুরের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “তিনি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত তোফাজ্জল হোসেন হত্যা মামলার আসামি। এছাড়া তার নামে আগে থেকে একটি হত্যা মামলা রয়েছে।আইনি প্রক্রিয়া শেষে আদালতে তাকে হাজির করা হবে।