১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে ডাম্প ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ৩

গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 05:29 PM

Updated : 16 Sep 2026, 12:58 PM

গোপালগঞ্জ সদরে ডাম্প ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিউল আলম। 

নিহতরা হলেন, ডাম্প ট্রাকটির চালক নাদিম শেখ (২৫) ও ট্রাকে থাকা নিরাপত্তাকর্মী হাছিব (২৬) । নিহত অপরজন নারী, তার নাম পরিচয় পুলিশ জানাতে পারেনি।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিউল বলেন, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী সোনালী পরিবহনের একটি বাস বৌলতলীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে বাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আর ট্রাকটি রাস্তার ওপর উল্টে পড়ে । এতে তিনজন প্রাণ হারান। আহত হন অন্তত ২০ জন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী  আমানুল্লাহ (৩৬)  বলেন, “শব্দ শুনে আমরা আইসা দেখি বাস নীচে পড়ে গেছে। আমরা টানাটানি কইরা আহতদের বের করছি। যাত্রী ছিল প্রায় ২৫-৩০ জন। প্রায় সবাই আহত হয়েছে।”

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম  বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ড্রাম ট্রাকের চালক নাদিম শেখ নিহত হন। পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের নিরাপত্তাকর্মী হাছিব ও এক নারী মারা যান।

আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান সদর থানার ওসি ।