১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৩ মাস পর আংশিক খুলছে ‘গাজীপুর সাফারি পার্ক’

আগের নাম বহাল থাকলেও বর্তমানে পার্কটির কার্যক্রম ‘গাজীপুর সাফারি পার্ক’ নামে চালানো হবে, বলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা, প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2024, 08:24 PM

Updated : 26 Aug 2026, 10:55 AM

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গাজীপুরে অবস্থিত সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়। এর পর থেকেই বন্ধ ছিল পার্কটি। 

দুষ্কৃতকারীদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে বন্ধ হয়ে যাওয়া সাফারি পার্কটি শুক্রবার আংশিক খোলার কথা জানালেন সহকারী বন সংরক্ষক পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, “পর্যটন মৌসুম বিবেচনায় সাময়িকভাবে দর্শণার্থীদের উপযোগী করে পার্কটি খুলে দেওয়া হচ্ছে।

তবে ক্ষতিগ্রস্ত কয়েকটি ইভেন্ট এখন বন্ধই থাকবে। মেরামতের পর শিগগিরই এগুলোও খুলে দেওয়া হবে।”

এ কর্মকর্তা বলেন, “গত ৫ অগাস্ট পার্কের মূল ফটক ভেঙে দুর্বৃত্তের হামলায় বিভিন্ন ইভেন্টে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর সাময়িক সংস্কার করে পার্কটি পুনরায় সীমিত পরিসরে চালু হচ্ছে শুক্রবার। 

“আমরা আশা করছি, এবার পর্যটক মৌসুমে বিনোদনের জন্য পার্কটি আবারও মুখরিত হয়ে উঠবে।”

বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, “আমরা পার্কটি চালু করছি, ইজারাও প্রক্রিয়াধীন আছে। এর আগ পর্যন্ত বন বিভাগ পার্কটির ব্যবস্থাপনা ও পরিচালনা করবে।” 

তিনি বলেন, “আগের নাম বহাল থাকলেও বর্তমানে ‘গাজীপুর সাফারি পার্ক’ নামে পার্কটির কার্যক্রম চালানো হবে।”

ক্ষতিগ্রস্ত ইভেন্টগুলোর মধ্যে প্রজাপতি গার্ডেন, শিশু পার্ক, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম মেরামতের পর খুলে দেওয়া হবে  বলেও জানান এ বিভাগীয় বন কর্মকর্তা।