১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে সারজিসের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা

সাংবাদিক তুহিন হত্যাকে কেন্দ্র করে বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এই মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 04:03 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। তিনি ‘অপূরণীয়’ ক্ষতির জন্য মানহানির মামলা করেছেন। 

মামলার বাদী তানভীর সিরাজ বলেছেন, “অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়। কিন্তু, এনসিপির সারজিস আলম না জেনেই ফেইসবুকে এ ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। 

“এরই মধ্যে পুলিশ এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছেন। যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলা করলাম। আশা করি, ন্যায়বিচার পাব।”

৭ অগাস্ট রাত ৯টা ৫৫ মিনিটে সারজিস আলম তার ভেরিফায়েড ফেইসবুক পেইজে লেখেন, ‘গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দেয় বিএনপির কর্মীরা। 

“দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে জ** করে হ*ত্যা করেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা! আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন।’ 

তবে পরদিন সকাল ১০টা ৩৯ মিনিটে পোস্টটি সম্পাদনা করে তিনি ‘চাঁদাবাজ’ শব্দটি বাদ দিয়ে ‘ছিনতাইকারী’ লেখেন।”

মামলার বাদী পক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, দণ্ডবিধির ৫০০/৫০১/৫০৫-ঘ ধারায় মানহানির ওই মামলা করা হয়েছে। মামলার তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রতিবেদন পাওয়ার পরে আদালত পরবর্তীতে নির্দেশ দেবেন।

গাজীপুর মহানগর আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, বাসন থানা বিএনপির সভাপতি মো. তানভীর সিরাজ এনসিপির সারজিস আলমের বিরুদ্ধে মামলা করেছেন। তবে মামলায় টাকার নির্দিষ্ট পরিমাণের কথা বলা হয়নি।