১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মাঝ পদ্মায় স্রোতে ভেসে দেড় কিলোমিটার দূরে ফেরি, ৪ ঘণ্টা পর উদ্ধার

“মাঝনদীতে পৌঁছালে তীব্র স্রোতের কারণে ফেরিটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়।”

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 04:24 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

পাটুরিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান তীব্র স্রোতে ভেসে প্রায় দেড় কিলোমিটার দূরে চলে গেছে। 

পরে প্রায় চার ঘণ্টা পর ফেরিটিকে উদ্ধার করে পাটুরিয়া ঘাটে ফিরিয়ে আনা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মাঝ পদ্মায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার এজিএম মো. সালাহউদ্দিন।

তিনি বলেন, “সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ফেরিটি দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। মাঝনদীতে পৌঁছালে তীব্র স্রোতের কারণে ফেরিটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ফেরিটি আর সামনে এগোতে পারেনি।

এক পর্যায়ে স্রোতের টানে ফেরিটি ভেসে প্রায় দেড় কিলোমিটার দূরে চলে যায়। এতে ফেরিতে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

দুপুর ২টার দিকে বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের মেরিন বিভাগের কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে ফেরিটি স্রোতে ভেসে প্রায় দেড় কিলোমিটার দূরে সরে যায়। পরে ফেরিটিকে উদ্ধার করে পাটুরিয়া ঘাটে ফিরিয়ে আনা হয়েছে।”

ফে‌রি‌টি ঘা‌টে ভেড়ার পর খানজাহান আলী ফে‌রি‌তে যা‌ত্রি ও যানবাহন গু‌লো‌কে উ‌ঠি‌য়ে দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টে পাঠা‌নোর প্রস্তু‌তি চল‌ছে বলে জানান তিনি।