১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে দেয়াল চাপায় প্রাণ গেল ২ শ্রমিকের

ফায়ার সার্ভিস জানায়, এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন।

সিরাজগঞ্জে দেয়াল চাপায় প্রাণ গেল ২ শ্রমিকের
সিরাজগঞ্জে দেয়ালের নিচে চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2025, 05:02 PM

Updated : 10 Sep 2026, 12:36 PM

সিরাজগঞ্জে দেয়ালের নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।এসময় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। 

শনিবার সকালে শহরের শাহেদনগর ব্যাপারীপাড়ায় ড্রেন নির্মাণের জন্য গর্ত করা হলে পাশের দেয়াল ধসে এ ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুর রহমান জানান। 

নিহতরা হলেন- সদর উপজেলার বহুলী দক্ষিণপাড়ার পঞ্চনন দাসের ছেলে কমল চন্দ্র দাস (৩৫) ও কামারখন্দ উপজেলার চৌদুয়ার গ্রামের মানিক সেখের ছেলে রাজা সেখ (৪২)।  

উপ পরিচালক আব্দুর রহমান বলেন, “ড্রেন নির্মাণের শ্রমিকরা পাঁচ ফুট মাটির নিচে খননের কাজ করছিলেন। এসময় পাশে থাকা বাড়ির ছয় থেকে সাত ফুট উঁচু একটি দেয়াল ধসে পড়ে। এতে দেয়ালের নিচে পাঁচজন শ্রমিক চাপা পড়েন। 

“ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দেয়াল সরিয়ে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা দুইজনকে মৃত্যু ঘোষণা করেন এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ায় পাঠানো হয়েছে।”  

সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, “নিহত একজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আরেকজনের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছে। আহতদের পরিচয় জানতে কাজ চলছে।”