Published : 08 Mar 2026, 02:46 PM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে ছিনতাই চেষ্টার অভিযোগে পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার সকাল ৬টার দিকে জালকুড়ি এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানিয়েছেন।
নিহতের বয়স আনুমানিক ২৫ বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয়-নিশ্চিত করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “একটি মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি একটি অটোরিকশা থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় চালক চিৎকার করলে পাশের মসজিদে নামাজ শেষ করে বের হওয়া লোকজন জড়ো হন।
“ছিনতাইকারীদের দুজন ততক্ষণে মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলেও একজন স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন। পরে তাকে ক্ষুব্দ জনতা বেধরক মারধর করলে সেখানেই মৃত্যু হয় তার।”
এ সময় স্থানীয়রা ওই মোটরসাইকেলটিতেও আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তা নেভান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ঘটনার ২০ মিনিটের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি বারিক।
ঘটনাস্থল থেকে একটি ছুরি ও চাপাতি জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পিটুনিতে মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।