১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে বাস খাদে পড়ে নিহত ২

“চুনতি পার হওয়ার পর হঠাৎ চালক গতি বাড়ালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।”

কক্সবাজারে বাস খাদে পড়ে নিহত ২
প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2025, 12:09 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুজনের মৃত্যু হয়েছে।

উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে চিরিংগা হাইওয়ে পুলিশের ওসি আরিফুল আমিন জানান।

হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি বলেন, “হানিফ পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

“রাত আড়াইটার দিকে যখন বাসটি ক্রেন দিয়ে খাদ থেকে তোলা হচ্ছিল তখন এক যুবকের মরদেহ বাসের জানালায় ঝুলে ছিল। আরেক যাত্রীর মরদেহ ছিল বাসটির নিচে চাপা পড়া অবস্থায়।”

বাসটিতে চালক-সহকারীসহ ৪০ জন যাত্রী থাকার কথা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম।

যাত্রী ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, “বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে ছিল। তাই বাসের ধীরগতির কারণে যাত্রীদের সঙ্গে চালকের কথা-কাটাকাটি হয়।

“চুনতি পার হওয়ার পর হঠাৎ চালক গতি বাড়ালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।”

ওসি আরিফুল আমিন বলেন, এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে।

দুর্ঘটনা কবলিত বাসটিও উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।