১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় ‘কুকুর জবাইয়ের’ খবরে উত্তেজনা, তোপের মুখে পালাল কসাই

“সেগুলো কুকুরের মাংস কিনা তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হবে।”

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 05:33 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

নওগাঁর ধামইরহাট উপজেলায় এক কসাইয়ের বাড়িতে ‘কুকুর জবাইয়ের’ খবরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তোপের মুখে পালিয়ে যায় দুই কসাই।   

ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি মাংস উদ্ধারের কথা জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তবে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তা বলছেন, সেগুলো কুকুরের মাংস কিনা তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হবে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে জাহানপুর ইউনিয়ন পরিষদের নেংড়াপীর-ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে মঙ্গলবাড়ী বাজারে এ ঘটনা ঘটে বলে নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন। 

স্থানীয়রা বলছেন, মঙ্গলবাড়ী বাজারে স্থানীয় কসাই এনতাজুল ইসলাম ও তার সহযোগী দুলু মৌলভী দীর্ঘদিন ধরে খাসির মাংস বিক্রি করে আসছেন। তারা বাড়িতে পশু জবাই করে মাংস এনে বাজারে বিক্রি করতেন।

রোববার সকালে এনতাজুলের বাড়িতে কুকুর জবাই করার বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের তোপের মুখে দুই কসাই দ্রুত পালিয়ে যান। 

উপজেলার জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়ার ভাষ্য, “ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি ‘কুকুরের মাংস’ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুই কসাই এনতাজুল ও দুলু মৌলভী পালিয়ে গেছেন।”

নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, “সংবাদ পাওয়ার পরই তাৎক্ষণিক ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছিলো। এরপর সেখান থেকে জবাই করা ‘কুকুরের’ মাথা এবং মাংস জব্দ করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।” 

ঘটনাটি প্রাণিসম্পদ অধিদপ্তরকে অবগত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ সুপার।

এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান বলেন, “আমি ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছি, মাংসগুলো পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে। সেগুলো কুকুরের মাংস কিনা তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হবে।”