Published : 27 Jan 2026, 05:53 PM
রংপুর নগরে বন্ধুর চাবির আঘাতে এক ইজিবাইক চালক নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের এক বন্ধু পলাতক রয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরের তাঁতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
নিহত আমিনুল ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তিনি রংপুরের তাঁতিপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে ইজিবাইক চালাতেন।
ওই এলাকার বাসিন্দা রুবেল মিয়া বলেন, “বিজয় ও আমিনুল এক বাসায় থাকতেন। তিন দিন আগে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় কয়েকজন এলাকাবাসী তাদের মীমাংসা করে দেন। এরই জের ধরে সকালে দুজনের মধ্যে আবারও বাগবিতণ্ডা হয়।
“এ সময় চাবি দিয়ে আমিনুলের বুকে আঘাত করার অভিযোগ ওঠে বিজয়ের বিরুদ্ধে। এতে আমিনুল ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী গিয়ে দেখেন আমিনুল মাটিতে পড়ে আছেন। তবে বিজয়কে পাওয়া যায়নি।”
পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যার ঘটনাটি কীভাবে এবং কেন ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় জড়িত নিহতের এক বন্ধুকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।