নোয়াখালীতে সেলুনের আগরবাতি থেকে তেলের দোকানে আগুন, দগ্ধ ৪
দোকানের সামনে থাকা তেলবাহী গাড়ি ও সিএনজিচালিত চারটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলে আগুন লেগে যায়।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সেলুনের আগরবাতি থেকে তেলের দোকানে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরওয়াপদা ইউনিয়নের থানারহাট বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চরজব্বর থানার ওসি শাহীন মিয়া।
অগ্নিদগ্ধরা হলেন, বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের দুর্গানগর গ্রামের আব্দুল হকের ছেলে মো. সজিব (৩১), চৌমুহনী পৌরসভার হাজীপুর গ্রামের মো. আজীমের ছেলে মো. রিপন (২৬), সুবর্ণচর উপজেলার চরওয়াবদা ইউনিয়নের চরবৈশাখী গ্রামের প্রয়াত সোলেমানের ছেলে সালাউদ্দিন (৫০) ও আব্দুর শহীদের ছেলে মঈন উদ্দিন।
ওসি শাহীন মিয়া বলেন, সন্ধ্যা ৬টার দিকে সেলুন দোকানে সন্ধ্যা বাতি হিসেবে আগরবাতি জ্বালানোর সময় পাশের অকটেনের দোকানের তেলের ড্রামে আগুন লেগে যায়।
এ সময় দোকানের সামনে থাকা তেলবাহী গাড়ি ও সিএনজিচালিত চারটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলে আগুন লেগে যায়। এতে দোকানের কর্মচারী, সিএনজিচালিত অটোরিকশার চালক ও তেলের গাড়ির চালকের সহকারীসহ চারজন অগ্নিদগ্ধ হয়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
তাদের মধ্যে সজিব ও রিপন নামে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
বাকি দুজনকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
