গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, সোয়া ২ ঘণ্টা পরে চালু
ওসি আকতার হোসেন বলেন, স্টেশনের ২ নম্বর লাইন বন্ধ থাললেও ১ নম্বর লাইন দিয়ে অন্য ট্রেনের চলাচল স্বাভাবিক ছিল।
ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় সোয়া দুই ঘণ্টা আটকে ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনটির যাত্রীরা।
ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি শনিবার সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে পৌছালে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বলে জানান ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন।
পরে ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীরা ইঞ্জিনের ত্রুটি মেরামত করেন। সকাল ১০টা ৪৮ মিনিটে ট্রেনটি পুনরায় চলাচল শুরু করে।
ওসি আকতার হোসেন আরও বলেন, ইঞ্জিন বিকলের কারণে গফরগাঁও স্টেশনের ২ নম্বর লাইন কিছু সময়ের জন্য ব্লক হয়ে যায়। তবে ১ নাম্বার লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে অন্য ট্রেনের চলাচল স্বাভাবিক রাখা হয়।
এদিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায়ই ইঞ্জিন বিকলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
তাদের অভিযোগ, ট্রেনের ইঞ্জিনে ত্রুটির কারণে মাঝপথে দীর্ঘ সময় আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর রক্ষণাবেক্ষণের মাধ্যমে এ ধরনের ঘটনা কমানোর দাবি জানিয়েছেন তারা।
