১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মা ও ছেলেমেয়েকে হত্যা: গ্রেপ্তাররা কারাগারে, জবানবন্দি দেবেন একজন

কুমিল্লার মুরাদনগরে কড়ইবাড়ী গ্রামে বৃহস্পতিবার একটি বাড়িতে হামলা চালিয়ে মা ও ছেলেমেয়েকে পিটিয়ে হত্যা করেছে জনতা।

মা ও ছেলেমেয়েকে হত্যা: গ্রেপ্তাররা কারাগারে, জবানবন্দি দেবেন একজন
তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় র‍্যাবের হাতে গ্রেপ্তার ছয়জনকে রোববার বিকালে কুমিল্লার আদালতে হাজির করা হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 12:14 AM

Updated : 26 Aug 2026, 01:19 PM

কুমিল্লার মুরাদনগরে মা ও ছেলেমেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার সাতজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এক আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় তার পক্রিয়া গ্রহণ করা হয়েছে। 

মুরাদনগরের কড়ইবাড়ী এলাকায় তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় এ পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও র‍্যাব। 

এর মধ্যে ঢাকায় র‍্যাবের হাতে গ্রেপ্তার ছয়জনকে রোববার বিকালে কুমিল্লার আদালতে হাজির করা হয় বলে জানিয়েছেন কুমিল্লার আদালত পরিদর্শক সাদেকুর রহমান।

তারা হলেন, মামলার এজহারনামীয় ৩ নম্বর আসামি বাচ্চু মিয়া মেম্বার, রবিউল আওয়াল, আতিকুর রহমান, মো. বায়েজ মাষ্টার, দুলাল ও আকাশ। 

পরে আসামিদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ৫ নম্বর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিদ্দিক আজাদ। 

এদের মধ্যে বাচ্চু মিয়া হত্যা মামলায় নিজের সম্পৃক্ততা থাকার বিষয়ে আদালতকে জবানবন্দি দিবেন বলে জানান। পরে আদালত ১৬৪ ধারায় তার বক্তব্য রেকর্ডের প্রক্রিয়া গ্রহণ করে। 

এর আগে সেনাবাহিনীর হাতে আটক নাজিমুদ্দিন বাবুল ও ছবির আহমেদকে শনিবার সন্ধ্যায় আমলি আদালত ১১ এর বিচারক মমিনুল হক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামে একটি বাড়িতে মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে কিছু লোক হামলা চালায়।

হামলায় ওই গ্রামের বাসিন্দা খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯) ঘটনাস্থলেই নিহত হন।

আহত হয়েছেন রুবির মেয়ে রুমা আক্তার (২৮)। তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের দাবি, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

তবে, পরিবারের সদস্যরা এই অভিযোগ অস্বীকার করে বলছেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

পরে রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা করেন। 

আরও পড়ুন

কুমিল্লায় মা ও ছেলেমেয়েকে পিটিয়ে হত্যা: আরও ছয়জন গ্রেপ্তার

কুমিল্লায় মা ও ছেলেমেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

মা ও ছেলেমেয়েকে পিটিয়ে হত্যা: থমথমে কড়ইবাড়ী পুরুষশূন্য

মা ও ছেলেমেয়েকে পিটিয়ে হত্যা: 'সন্ধ্যায় পরিকল্পনা, সকালে হামলা'

কুমিল্লায় মা ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা