০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দুই শিশুই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 04:10 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম বা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ জনে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শিশু দুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।

মারা যাওয়া শিশু মাহবুবুর রহমানের বয়স ১৪ মাস ২৫ দিন। সে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুশাহিদ মিয়ার ছেলে।

অন্য শিশু তাকসিনের বয়স নয় মাস ১৭ দিন। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার নিজাম উদ্দিনের ছেলে। দুই শিশুই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৩৫ জন চিকিৎসাধীন ছিল। ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১০২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সিলেটে এখন পর্যন্ত মারা যাওয়া ১৪৮ জনের মধ্যে ১০ জনের পরীক্ষায় হাম ধরা পড়েছিল। বাকি ১৩৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পরীক্ষায় সিলেট বিভাগে এক হাজার ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।