১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব: শ্রমমন্ত্রী

“এ উৎসবকে ঘিরে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে শিল্পী, সংস্কৃতিকর্মী ও আয়োজকদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা জরুরি।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 01:59 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি’ ও ‘আনন্দলোক’ আয়োজিত পৃথক বর্ষবরণ উৎসবে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক বলেছেন, “বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক।

“এ উৎসবকে ঘিরে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট শিল্পী, সংস্কৃতিকর্মী ও আয়োজকদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা জরুরি।”

মন্ত্রী বলেন, “দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ব্যক্তিগত উদ্যোগ ও সীমিত সম্পদ দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার অভাবে এ অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গন দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পিছিয়ে রয়েছে।

“ইতোমধ্যে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং সিলেটের সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে দ্রুত একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।”

এ কমপ্লেক্সে সাংস্কৃতিক চর্চা ও শিশু-কিশোরদের প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

নববর্ষের শুভক্ষণে সবাইকে অতীতের ভুলত্রুটি পরিহার করে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান মন্ত্রী আরিফুল হক।

তিনি বলেন, “বাংলাদেশ সম্প্রীতির দেশ এবং এ অঞ্চলের মানুষও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।”

এই সম্প্রীতি আরও সুদৃঢ় ও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

তরুণদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নতুন প্রজন্মের নেতৃত্বেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।”

এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ,  সাংস্কৃতিক কর্মী হিমাংশু বিশ্বাস ও শামসুল বাসির শেরু, আনন্দলোকের পরিচালক রানা কুমার সিংহ, শ্রুতির সদস্য সচিব সুকান্ত গুপ্ত ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।