দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ ঘরে মিলল অর্ধগলিত মরদেহ
“প্রাথমিকভাবে ধারণা করছি, প্রায় এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে।”
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বদ্ধ ঘর থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ১২টার দিকে উথলী বাজারপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান।
মৃত ৩০ বছর বয়সী রবিউল ইসলাম উথলী গ্রামের বাজারপাড়ার সালাম মোল্লার ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি সোলায়মান শেখ বলছেন, “কয়েকদিন ধরে উথলী বাজার এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয় যে, পাশের একটি বন্ধ ঘরের ভেতরে কোনো মরদেহ থাকতে পারে।
“এর পরিপ্রেক্ষিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে উথলী বাজারের এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। জীবননগর থানা পুলিশের একটি দল রাত ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে বন্ধ ঘর থেকে রবিউল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।”
তিনি বলেন, “রবিউল দীর্ঘদিন ধরে উথলী বাজারপাড়ায় বসবাস করতেন এবং বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। ওই ঘরে তিনি একাই থাকতেন।”
মরদেহের বেশিরভাগ অংশ পচে-গলে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে ওসি জানিয়েছেন।
তিনি বলেন, “আমরা এখনো নিশ্চিত নই- তবে প্রাথমিকভাবে ধারণা করছি, প্রায় এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে।”
প্রতিনিধি/জেএস
