০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মাদক সেবনের অভিযোগে প্রকাশ্যে কাটা হল ২ যুবকের চুল

ইউনিয়ন বিএনপির এক নেতার উপস্থিতিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2026, 10:36 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

ফরিদপুরের চরভদ্রাসনে মাদক সেবনের অভিযোগে প্রকাশ্যে কাটা হয়েছে দুই যুবকের চুল।

বুধবার দুপুরের দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

ভিডিওতে দেখা যায়, চর হরিরামপুর ইউনিয়নের আব্দুল হাই খানের হাটের একটি দোকানে ওই ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক ও দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোকা মৃধার মাঝখানে লালন খান নামে এক যুবক খালি গায়ে বসে আছেন। 

তখন বিএনপি নেতা মঞ্জুরুল হক যুবককে মাদক সেবন ও বিক্রির বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। লালন নিচু গলায় কিছু প্রশ্নে উত্তর দেন।

অন্য এক ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে লালন খান ও শেখ রিয়াজুল নামে আরেক যুবককে বসিয়ে একটি ট্রিমার দিয়ে মাথার সামনের দিকের চুল কেটে দেওয়া হচ্ছে। 

এ বিষয়ে জানতে চাইলে মঞ্জুরুল হক খান বলেন, “এলাকার পোলাপান গ্রাম পুলিশ লালন খানকে গাঁজা সেবনরত অবস্থায় ধরে ওই বাজারে নিয়ে আসে। পরে আমি সেখানে উপস্থিত থাকায় ওকে দুই-চারটা কথা বলে শাসিয়েছি। তাদের চুল কাটার সময় আমি উপস্থিত ছিলাম না।”

চরভদ্রাসন থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, “ভিডিও দুটি আমি দেখেছি। কারও বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ থাকলেই তাকে হেনস্তা করার অধিকার কারও নেই। এটি যারাই করেছেন অন্যায় করেছেন।  ব্যাপারটি নিয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলাপ করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”