১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে ৫টি আগ্নেয়াস্ত্র, গুলিসহ ২ যুবক গ্রেপ্তার

এ সময় বাসায় থাকা আরও তিনজন পালিয়ে যায়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2025, 12:18 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

লক্ষ্মীপুর পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ১৬টি গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে সেনা সদস্যরা। 

শুক্রবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান। 

গ্রেপ্তাররা হলেন, ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে আলাউদ্দিন বরকত ও লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে পারভেজ হোসেন৷  

সেনাবাহিনী জানায়, আলাউদ্দিন বরকতের বিরুদ্ধে হত্যা-ডাকাতি, অপহরণ-চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন ঘটনায় অন্তত ১৮টি মামলা রয়েছে।

মধ্যরাতে তার ভাড়া বাসায় সদর উপজেলা ক্যাম্পের দায়িত্বরত লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বরকত ও পারভেজকে গ্রেপ্তার করা হয়। 

তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, চারটি দেশীয় এলজি, ৬ রিভলবারের ৬টি গুলি ও এলজির ১০টি গুলি কার্তুজ জব্দ করা হয়। 

এ সময় বাসায় থাকা আরও তিনজন পালিয়ে যায়। তারা হলেন- বিরাহীমপুর গ্রামের জোবায়ের হোসেন শান্ত, ইকবাল ও কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও বিভিন্ন ঘটনায় মামলা রয়েছে।

ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, “সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। উপস্থিতি টের পেয়ে আরও তিন জন পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে।”