Published : 22 Jan 2025, 04:44 PM
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার একটি মন্দির থেকে সোনা-রূপার গহনা চুরির অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার বলড়া ইউনিয়নের বলড়া গ্রামের শ্রীশ্রী রাধারমণ জিউর মন্দিরে চুরির ঘটনা ঘটে বলে হরিরামপুর থানা ওসি মুহাম্মদ মুমিন খান জানান।
মন্দিরের পুরোহিত মহাদেব চক্রবর্তী বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে দাবি করেন, মঙ্গলবার দিবাগত রাত ১টা পর্যন্ত তারা মন্দিরের ভেতর সজাগ ছিলেন। পরবর্তীতে ঘুমিয়ে যান। সকালে দরজা খুলে মন্দিরের ভেতরে থাকা মূর্তিগুলো এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি মন্দিরের সেবায়েত গোপাল সাহা এবং মন্দির কমিটির লোকজনকে জানান।
“মন্দিরের বামদিকের দরজার লক ভেঙে চার ভরি ওজনের রূপার নুপুর, তিনটি সোনার টিপ, দুটি সোনার চোখ এবং সোনার এক জোড়া খড়ম চুরি হয়েছে। শত বছরের পুরনো একটি কষ্টি পাথরের মূর্তি নিয়ে গেলেও পরে তা পাশের জঙ্গলে পাওয়া যায়।”
মন্দিরের সেবায়েত গোপাল সাহা বলেন, “মন্দিরের নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা ছিল। দেড়-দুই মাস ধরে সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকায় সেগুলো মেরামত করতে দেওয়া হয়েছে।”
মন্দিরে এমন চুরির ঘটনা এই প্রথম। চুরির ঘটনায় মন্দির কমিটির সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গোপাল সাহা।
হরিরামপুর থানার ওসি মোহাম্মদ মুমিন খান বলেন, “মন্দিরে রূপা ও সোনার অলঙ্কার চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”