জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সিপিবির মানববন্ধন
দ্রুত জ্বালানি তেলের মূল্য সহনীয় পর্যায়ে আনতে সরকারের কাছে দাবি জানান বক্তারা।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ ও গ্যাসের সংকটের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কমিউনিস্ট পার্টি-সিপিবি।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সিপিবি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি সাজিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে সাবেক জেলা সভাপতি সৈয়দ মোহাম্মদ জামাল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, সহকারী সাধারণ সম্পাদক আল মামুন, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আসমা খানম, উদীচী জেলা সংসদের সহসভাপতি শাহজাহান সোহেল এবং জেলা সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান বক্তব্য দেন।
বক্তারা বলেন, জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ-গ্যাসের চরম সংকটে জনমনে নাভিশ্বাস উঠেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে বাড়ছে। রাত ১২টায় তেলের মূল্যবৃদ্ধি জনমনে আশঙ্কার সৃষ্টি করেছে।
দ্রুত জ্বালানি তেলের মূল্য সহনীয় পর্যায়ে আনতে সরকারের কাছে দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। পরিবহন ভাড়া ও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
