Published : 21 Jun 2026, 09:03 PM
ঢাকার সাভার উপজেলায় কৃষিকাজ করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার বিকালে উপজেলার বনগাঁও ইউনিয়নের কুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে বলে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমরান হোসেন।
নিহতদের মধ্যে একজন হলেন সাভারের বলিয়াপুর পাঁচআনি পাড়া এলাকার মৃত বুদ্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৪৫)। আরেকজনের নাম দুলাল (৬০)। নিহত অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, রোববার বিকালে সাভার ও আশপাশের এলাকায় হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হয়। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে কুন্ডা এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় তিনজন বজ্রপাতে মারা যান।
নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে একজন জমির মালিক এবং অন্য দুজন শ্রমিক ছিলেন। শ্রমিকদের বাইরে থেকে কাজের জন্য আনা হয়েছিল। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দাফনের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।