Published : 26 Jun 2026, 07:38 PM
চাঁদপুরের কচুয়া উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার বিকালে উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম আকাশ।
নিহত মরিয়ম আক্তার (৩২) ওই গ্রামের আলমগীর হোসেন স্ত্রী। মরিয়মের বাবার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার মুটুকি গ্রামে।
পুলিশ ও স্বজনরা জানান, প্রায় ১৮ বছর আগে পারিবারিকভাবে আলমগীরের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। দুই বছর ধরে আলমগীর এক নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত।
প্রতিবাদ করলে মরিয়মকে শারীরিকভাবে নির্যাতনের শিকার হতে হত বলে অভিযোগ স্বজনদের।
পরিবারের দাবি, ঘটনার দিন বিকালে পরকীয়ার বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে মরিয়মকে বেধড়ক মারধর করেন আলমগীর। আহত অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুশি জানায়, ঘটনার পর পর আলমগীর পালিয়ে যান। তবে তাকে না পেয়ে স্থানীয়রা এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
মরিয়মের ননদ সায়েরা বলেন, “পরকীয়ার বিষয় নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। তারপরও আমার ভাই মরিয়মের ওপর নির্যাতন চালিয়ে গেছে। আমরা এ হত্যার বিচার চাই।”
মরিয়মের ভাগ্নে মামুন বলেন, “খালার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করা হচ্ছিল।”
ওসি আজিজুল ইসলাম আকাশ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।