১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে থানায় আসামিকে মারধর, গালাগালি যুবদল-ছাত্রদলের কর্মীদের

বরিশাল-৬ আসনের এমপিকে ‘কটুক্তি করে’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করায় এ আসামির বিরুদ্ধে মামলা করেন ইউনিয়ন বিএনপির এক সভাপতি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 01:43 AM

Updated : 11 Sep 2026, 03:17 PM

বরিশালের বাকেরগঞ্জে থানা চত্বরে এক আসামিকে মারধর ও গালাগালি করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এছাড়া থানার হাজত খানায় গিয়ে ভিডিও করাসহ আসামিকে অশ্লীল ভাষায় গালাগালির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। এরপর এ ঘটনার ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

তবে ছাত্রদলের নেতার্কমীরা নয়, প্রতারিত ‘সাধারণ মানুষ’ থানায় এসে তাদের ক্ষোভ প্রকাশ করেছে বলে দাবি করেন বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান। 

তাদের দল ও সংগঠনের কারও জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, ওই আসামি নানাভাবে প্রতারণা করে মানুষের টাকা হাতিয়ে নেওয়ায় প্রতারিত ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেন। এখানে যুব ও ছাত্রদলের কোনো নেতাকর্মী ছিলেন না।

সাইবার আইনের মামলায় গ্রেপ্তার ওই আসামি হলেন- বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের নিলয় পারভেজ।

বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানকে ‘কটুক্তি করে’ সামাজিক যোগযোগ মাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করায় নিলয়ের বিরুদ্ধে এ মামলা করেন বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধা।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, আদালতের নির্দেশে করা মামলার আসামি হিসেবে নিলয় পারভেজকে শনিবার দুপুরে ঢাকায় গ্রেপ্তার করা হয়। রাত ৮টার দিকে তাকে নিয়ে থানায় আসা হয়। এ সময় কিছু বিক্ষুব্ধ ব্যক্তি আসামিকে লাঞ্চিত ও হামলার চেষ্টা করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসামিকে নিরাপদে হেফাজতে নিয়েছে।

ফেইসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সাদা একটি মাইক্রোবাস থানা চত্বরে ঢোকার সঙ্গে সঙ্গে কিছু ব্যক্তিকে শ্লোগান দিয়ে হামলে পড়তে দেখা যায়। পুলিশ সদস্যরা মাইক্রোবাসের দরজা খুলে বের করামাত্র তারা আসামিকে কিল ঘুষি ও লাথি মারতে শুরু করে। পুলিশ আসামিকে নিয়ে দৌড়ে থানা ভবনের ভেতরে নিয়ে গিয়ে গেইট আটকে দেয়। 

আরেকটি ভিডিওতে দেখা গেছে, থানা হাজতে থাকা ওই আসামিকে লক্ষ্য করে কয়েকজন গালাগালি করছে। অন্যরা এ দৃশ্য ভিডিও করছে।