১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের মিছিল থেকে আটক ৪৫, বাস ও মাইক্রো জব্দ

খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2026, 05:18 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

কুমিল্লার সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। 

ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে তিনটা হায়েস মাইক্রোবাস ও দুইটি মিনি বাস। 

রোববার বেলা দেড়টার দিকে উপজেলার মাটিয়ারা এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে ছাত্রলীগ নেতাকর্মীরা এ মিছিল বের করেন বলে জানিয়ছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম।

তবে আটকদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি। 

ওসি রকিবুল বলেন, দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে মাটিয়ারায় চট্টগ্রাম মুখি লেনে হঠাৎ একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। 

এ সময় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটিয়ারা এলাকা থেকে ৪৫-৪৬ জনকে আটক করে এবং মিছিলকারীদের বহন করা তিনটি হায়েস গাড়ি ও দুইটি মিনি বাস জব্দ করে। 

ওসি আরও বলেন, আটকদের যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। আইনী প্রক্রিয়া শেষে বিস্তারিত পরে জানানো হবে।