১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে লোহা গলানোর চুল্লি বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ২

রূপগঞ্জের ওই ঘটনায় দগ্ধ আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন। 

নারায়ণগঞ্জে লোহা গলানোর চুল্লি বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ২

নারায়ণগঞ্জে রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের কারখানায় লোহা গলানোর সময় চুল্লি বিস্ফোরণ হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2023, 10:32 AM

Updated : 05 May 2023, 01:49 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে লোহা গলানোর কারখানায় চুল্লি বিস্ফোরণে দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ইলিয়াস আলী নামের ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন জানান, ইলিয়াস আলীর শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

রূপগঞ্জের ওই ঘটনায় এ নিয়ে দুইজনের মৃত্যু হল। দগ্ধ আরও পাঁচজন ঢাকার এ হাসপাতালে চিকিৎসাধীন।

তারা হলেন: জুয়েল (২৫), রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), লিয়ন (২০) ও আলমগীর (৩৩)৷ তারা সবাই  ভুলতা এলাকার রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের শ্রমিক৷

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে নির্মাণাধীন ওই কারখানায় লোহা গলানোর চুল্লিতে পরীক্ষামূলকভাবে লোহা গলানোর কাজের সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়৷

বিস্ফোরণের পর গলিত উত্তপ্ত লোহা ছিটকে পড়ে সাত শ্রমিক গুরুতর দগ্ধ হন৷ হাসপাতালে নেওয়ার পর তাদের মধ্যে শংকর নামের ৪০ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, আহত যারা চিকিৎসাধীন, তাদের মধ্যে ইব্রাহিমের শরীরের ২৮ শতাংশ, নিয়নের শরীরের ৯৫ শতাংশ, মো. জুয়েলের শরীরের ৯৭ শতাংশ , গোলাম রাব্বি শরীরের ৯৯ শতাংশ  ও আলমগীরের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।