২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় পিবিআই কার্যালয়ে চুরি, মালামালসহ আটক চার

চুরির কয়েক ঘণ্টার মধ্যেই সব মালামালসহ চারজনকে আটক করার কথা জানিয়েছে পিবিআই।

কুমিল্লায় পিবিআই কার্যালয়ে চুরি, মালামালসহ আটক চার

কুমিল্লা নগরীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই কার্যালয়

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2022, 12:21 AM

Updated : 27 Sep 2022, 01:16 PM

কুমিল্লা নগরীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই কার্যালয়ের দরজা ভেঙে পিস্তল-গুলিসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

এর কয়েক ঘণ্টার মধ্যেই সব মালামালসহ চারজনকে আটক করা হয় বলে পিবিআই জানিয়েছে।

রোববার গভীর রাতে নগরীর হাউজিং এস্টেট এলাকায় সংস্থার কার্যালয়ের নিচতলায় এই চুরির ঘটনা ঘটে বলে কুমিল্লার পিবিআই পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান।  

চুরির মালামালের মধ্যে অস্ত্র-গুলি ছাড়াও রয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্তকরণে ব্যবহৃত আধুনিক দুটি ‘ফিঙ্গার প্রিন্ট’ (আঙুলের ছাপ নেওয়ার যন্ত্র) মেশিন, ল্যাপটপ, মোবাইল ফোন।

পিবিআই জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে সোমবার দুপুরে পিবিআই সদস্যরা চারজনকে আটক করেছেন। তাদের কাছ থেকে খোয়া যাওয়া সকল মালামাল উদ্ধার করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানাননি তারা।

পিবিআই কর্মকর্তারা জানান, রোববার গভীর রাতে কার্যালয়ের দক্ষিণ-পশ্চিম পাশের একটি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল। কার্যালয়ের ওই দিকের কক্ষগুলোতে এসআই ও এএসআইরা বসতেন। ভেতরে প্রবেশের পর চোরের দর একটি পিস্তল, ২০ রাউন্ড গুলি,  দুটি ফিঙ্গার প্রিন্ট (আঙুলের ছাপ নেওয়ার যন্ত্র) মেশিন, ৫টি ল্যাপটপ ও ১৫টি মোবাইল ফোন চুরি করে।

সোমবার সকালে বিষয়টি টের পেয়ে চোরদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেন পিবিআইয়ের কর্মকর্তারা। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুপুরের মধ্যেই এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে আটক করেন তারা।

পিবিআইয়ের পরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, “চুরির ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সকল মালামালসহ চারজনকে আটক করা হয়েছে।”

জেলা প্রধান পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনাক্রমে পরবর্তীতে এ ঘটনার বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি চক্রটিতে আরও কেউ জড়িত আছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।